| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুর সীমান্তে ১২ জন শূন্যরেখায়, বৈঠকেও সমাধান হয়নি

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৮:২৩:০৪:অপরাহ্ন  |  ২৭৩৫ বার পঠিত
দৌলতপুর সীমান্তে ১২ জন শূন্যরেখায়, বৈঠকেও সমাধান হয়নি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে অনুপ্রবেশ ইস্যুতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর সীমান্তের ১৫০/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার সুনীল কুমারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।

বিজিবি জানায়, সীমান্ত অতিক্রম করে ১২ জনকে বাংলাদেশে প্রবেশের অভিযোগ বিএসএফ অস্বীকার করেছে। একইসঙ্গে শূন্যরেখায় অবস্থানরত ওই ব্যক্তিদের নিজ নিজ হেফাজতে ফেরত নিতে অস্বীকৃতি জানানো হয়।

ফলে এখনো ওই ১২ জন শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবু মন্ডলের ছেলে মৃত ওয়ারেস আলীর ছেলে উজির আলী (৫০), তার স্ত্রী জয়তুন বেগম (৩৫), দুই ছেলে ও দুই শিশু সন্তান রয়েছে। এছাড়া রাজশাহীর শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুন) ভোরে ওই ১২ জনকে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক করে বিএসএফ। পরে তাদের শূন্যরেখায় রেখে দেওয়া হয়।

এর আগে গতকাল (শুক্রবার) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে আরেক দফা পতাকা বৈঠকের কথা থাকলেও তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

বিজিবির অভিযোগ, বিএসএফের অসহযোগিতা এবং গাফিলতির কারণে চূড়ান্ত সমাধান হয়নি। অপরদিকে বিএসএফ বিষয়টি আরও যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।

এদিকে সীমান্ত এলাকায় আটকে পড়া ১২ জনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪