| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করাই আমার প্রধান অগ্রাধিকার: মন্ত্রী রিতা

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৬:৩৯:২২:অপরাহ্ন  |  ২০৩৮ বার পঠিত
প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করাই আমার প্রধান অগ্রাধিকার: মন্ত্রী রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্নত ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করাই অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমানবন্দর ও বিমানসেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

শনিবার (১৩ জুন) সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী রিতা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দর ও বিমানসেবাকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশ থেকে দেশে ফেরা প্রবাসীরা যেন বিমানবন্দরে নেমেই স্বস্তি, সম্মান ও আন্তরিকতার পরিবেশ পান, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমি যখন দায়িত্ব নিয়েছি, তখন থেকেই প্রবাসী ও সাধারণ যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের জন্য একটি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। অতীতের তুলনায় বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।”

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে সৃষ্ট নানা সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। তবে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দূর করে দেশের বিমান খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে জিয়া পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা ও জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪