| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেল শোধনাগার ও রেল অবকাঠামোতে আঘাত

পাল্টাপাল্টি ড্রোন হামলা ইউক্রেন-রাশিয়ার

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২২:১৭:২৭:অপরাহ্ন  |  ১২৩১ বার পঠিত
পাল্টাপাল্টি ড্রোন হামলা ইউক্রেন-রাশিয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাতভর পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ও রাশিয়া। শুক্রবার ভোর পর্যন্ত চলা এসব হামলায় ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত হেনেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের রেলস্টেশন ও বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাতারস্তান অঞ্চলে ইউক্রেনের হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন আহত হন। অন্যদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ হামলায় এক রেলকর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। এর জবাবে রাশিয়ার তেল স্থাপনায় দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ, যার ফলে ক্রিমিয়াসহ বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তাতারস্তানের নিজনেকামস্ক শহরে অবস্থিত রাশিয়ার বৃহৎ তেল শোধনাগার ট্যানেকোতে হামলা চালিয়েছে। বার্ষিক ১ কোটি ৬০ লাখ টনের বেশি উৎপাদনক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি রাশিয়ার অন্যতম বড় শোধনাগার।

এ ছাড়া একই শহরে অবস্থিত টিএআইএফ-এনকে শোধনাগারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তাদের ভাষ্য অনুযায়ী, দুটি স্থাপনাতেই অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

তাতারস্তান অঞ্চলের প্রশাসন জানিয়েছে, শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার আশঙ্কায় শুক্রবার নিজনেকামস্ক শহরের সব জনসমাগমমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ১২ জুন রাশিয়ায় ‘রাশিয়া দিবস’ উপলক্ষে জাতীয় ছুটি পালিত হচ্ছে।

ইউক্রেন আরও দাবি করেছে, সামারা অঞ্চলের তলিয়াত্তি শহরে অবস্থিত টলিয়াত্তিকাউচুক কারখানায়ও হামলা চালানো হয়েছে। প্রতিষ্ঠানটি ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি তৈরিতে ব্যবহৃত সিনথেটিক রাবার উৎপাদন করে।

সামারা অঞ্চলের গভর্নর জানিয়েছেন, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ভলগা নদীর তীরবর্তী তলিয়াত্তি শহরও ড্রোন হামলার মুখে পড়েছে।


এদিকে বৃহস্পতিবার রাতে রাশিয়ার সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলায় দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতে ২৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।যদিও রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশই বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।


ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়ার প্রধান নির্বাহী জানান, রুশ ড্রোন হামলায় সুমি অঞ্চলের কয়েকটি রেলস্টেশন, বিদ্যুৎ সংকেত ব্যবস্থা এবং উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এক রেলকর্মী নিহত এবং আরেকজন আহত হন

এর আগের রাতে একই অঞ্চলের কোনোটোপ শহরে হামলায় আরও এক রেলকর্মী নিহত এবং চারজন আহত হয়েছিলেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাশিয়া ১১৭টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ১০২টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে পৃথক ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন এবং ১৪টি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে আরেকটি হামলায় একজন ব্যক্তি আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।তবে রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪