| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৯ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৫:৪৬:৩০:অপরাহ্ন  |  ১২৩৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৯ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে একাধিক মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানার সালান্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় অভিযান চালিয়ে আল-আমিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আল-আমিনের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

একই রাতে পৌর শহরের আশ্রমপাড়া শিশু পার্কসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এরিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির এক হাজার ২০০ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

এ ছাড়া সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা হযরত আলীর ছেলে মো. সামিউল ইসলামকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাপস দাস নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। পুলিশ বলছে, তাঁরা পরস্পরের যোগসাজশে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।

অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে সামস খান ও মামুনুর রশিদ মামুন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রির উদ্দেশ্যে ইয়াবা সংগ্রহ করে সেখানে অবস্থান করছিলেন।

এদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মেরধাপাড়া এলাকায় পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইয়ুব আলী (৪৮), শামীম (৪০), মজিবর রহমান (৫২) ও সাদ্দাম (৩৫)। তাঁদের কাছ থেকে মোট ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও একজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪