তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাশিদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১০ জুন) রাত ৮টায় তারাকান্দা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূল, আইনি সেবা এবং জনসেবা নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং সচেতন নাগরিকদের সহযোগিতা চান।
ওসি আব্দুর রাশিদ বলেন, তিনি তারাকান্দা থানায় শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তারাকান্দা থানার সেকেন্ড অফিসার লিটন চন্দ্র দাস এবং তারাকান্দা প্রেসক্লাবের মূল ধারার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ জুন তিনি তারাকান্দা থানায় যোগদান করেন।
রিপোর্টার্স২৪/এসএন