| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘনিয়ে এসেছে, দাবি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৩:৫৬:২৬:অপরাহ্ন  |  ২১৩৫ বার পঠিত
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘনিয়ে এসেছে, দাবি ট্রাম্পের
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহান্তেই ইউরোপে এ চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে তেহরান জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যদি চুক্তিটি বাস্তবায়িত হয়, তবে তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানে এটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি। এ সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধের একটি বড় সমঝোতায় পৌঁছেছি। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। এটি খুব শিগগিরই, এমনকি সপ্তাহান্তেই ইউরোপে হতে পারে।

তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এ চুক্তির অনুমোদন দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার জানা মতে উত্তর ‘হ্যাঁ’।

গত মার্চের মাঝামাঝি সময় থেকে ট্রাম্প একাধিকবার দাবি করে আসছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তি কাছাকাছি। তবে এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতির পরও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তির বড় অংশ চূড়ান্ত করা হলেও দেশের মৌলিক অবস্থান থেকে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলো এটি পর্যালোচনা করছে।


শান্তিচুক্তির আশায় চাঙা বাজার


সম্ভাব্য সমঝোতার খবরে শুক্রবার এশিয়ার শেয়ারবাজারসহ বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। একই সঙ্গে অপরিশোধিত তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

তবে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করার পর যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের দুটি একমুখী হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী একটি ট্যাংকারকে প্রণালি অতিক্রম করতে বাধা দিয়েছে। শুক্রবার ভোরে সেখানে বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেন ট্রাম্প।সাংবাদিকদের তিনি বলেন, “এটি একটি শক্তিশালী সমঝোতা স্মারক, যদিও এটি এখনো কিছুটা ধারণাগত পর্যায়ে রয়েছে।”


পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের শর্ত


ট্রাম্প বারবার বলেছেন, যেকোনো শান্তি চুক্তির মূল শর্ত হবে ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরানের দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ হয়ে থাকা কয়েকশ কোটি ডলারের সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি।

ট্রাম্প পরে এক নির্বাচনী অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া বক্তব্যে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না—তা তৈরি হোক বা বাইরে থেকে কেনা হোক।”

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪