| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪১ লাখ নারী পাবেন মাসে আড়াই হাজার টাকা

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০৭:৩২:৩১:পূর্বাহ্ন  |  ২৫৯২ বার পঠিত
৪১ লাখ নারী পাবেন মাসে আড়াই হাজার টাকা

স্টাফ রিপোর্টার: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট পেশকালে এ খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচির জন্য আগামী অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে এ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে।

এ ছাড়া ৬৫ বছর বা তদূর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ট্রেনে বিনামূল্যে ভ্রমণ এবং মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যাও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বয়স্ক ভাতা কর্মসূচিতে মাসিক ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬২ লাখে উন্নীত করা হবে।

বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা কর্মসূচিতেও মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হবে এবং উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৩০ লাখে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার পাশাপাশি উপকারভোগীর সংখ্যা ৩৮ লাখে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও বৃত্তির আওতাও সম্প্রসারণ করা হবে।

ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিসসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হলেও আগামী অর্থবছরে তা বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে। এ সুবিধার আওতায় উপকারভোগীর সংখ্যা ৬৫ হাজারে উন্নীত করা হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের জন্য শ্রেণিভেদে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়ার বিষয়টিও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত রাখা হলেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী মাসে ৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সর্বজনীন পেনশন তহবিলের আওতায় বেসরকারি খাতের কর্মীদের অবসরের সময় সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪