| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বারুইপাড়ায় হত্যা ও জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় এমপি রাহাদের নিন্দা

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৫:৫৪:০৮:অপরাহ্ন  |  ২৯৪ বার পঠিত
বারুইপাড়ায় হত্যা ও জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় এমপি রাহাদের নিন্দা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষকদল নেতা বাদল মোড়লের হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

বুধবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ঘটনার প্রতিক্রিয়ায় মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া, ভাঙচুর চালানো কিংবা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সংসদ সদস্য জানান, ঘটনার পরপরই তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভাঙচুর ও সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এলাকায় যাতে নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ মনজুরুল হক (রাহাদ) বলেন, “অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে।” তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠনের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন।

বিবৃতির শেষাংশে সংসদ সদস্য বলেন, “অপরাধী যে-ই হোক, তদন্ত সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। মাঠপর্যায়ে এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন, ইনশাআল্লাহ।” তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪