| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবা-মা হারা তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে বাউফল উপজেলা প্রশাসন

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৮:৫৪:৫৫:অপরাহ্ন  |  ২৪৫ বার পঠিত
বাবা-মা হারা তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে বাউফল উপজেলা প্রশাসন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারা তিন প্রতিবন্ধী ভাই নিদু, রিপন ও সাধনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাদের জন্য যৌথ ব্যাংক হিসাব খোলার পাশাপাশি খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক বাউফল শাখায় তিন ভাইয়ের নামে একটি যৌথ হিসাব খোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাদের অসহায়ত্বের খবর প্রকাশের পর দেশ-বিদেশের অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, ওই অ্যাকাউন্টে ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা জমা হয়েছে।

তিন ভাইয়ের নামে খোলা হিসাবটি যৌথভাবে পরিচালনা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ভুক্তভোগীদের প্রয়োজন অনুযায়ী হিসাব থেকে অর্থ তুলে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া ভবিষ্যতেও প্রশাসনিক সহায়তা অব্যাহত রাখতে উপজেলা কার্যালয়ে এ-সংক্রান্ত একটি স্থায়ী সরকারি নথি সংরক্ষণ করা হয়েছে, যাতে পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও পরিবারটির দেখভাল করতে পারেন।

জানা গেছে, স্থানীয় কলেজ শিক্ষার্থী অমিত প্রথমে পরিবারটির দুর্দশার বিষয়টি ইউএনও মো. সালেহ আহমেদের নজরে আনেন। পরে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদহোসেন চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় তাদের নগদ অর্থ ও জরুরি খাদ্যসহায়তা দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তিন ভাইকে সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে শুরু করেছেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪