কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় চরমিলপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
এ সময় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়েই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার(৭ জুন) সকাল ১১টার দিকে কুষ্টিয়া পৌর চরমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আশাদুল শিশুটিকে স্থানীয় একটি বিদ্যালয়ের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আশাদুলকে আটক করেন।
পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইকবাল হোসেন বলেন, ‘শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/মিতু