বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা হাটে মরা গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই মাংস বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ জুন) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফয়লা হাটে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হারুন অর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাঈদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের পাশে একটি গরু মারা যাওয়ার পর হারুন ও ইয়ামিন সেটি জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসেন। মাংস থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ক্রেতাদের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, ফয়লা হাটে পচা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা পচা মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু