মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক অবৈধভাবে ঠেলে দেওয়া ৬ বাংলাদেশিকে পাওয়া যাচ্ছে না। বিজিবির দাবি, রাত ৩টার দিকে তাদের শূন্যরেখা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫-এস আন্তর্জাতিক পিলারের কাছে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রোববার রাত ৩টার দিকে তাদের ফিরিয়ে নেওয়া হয় বলে দাবি করেছে বিজিবি।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে শিশু ও নারীকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রোববার রাত ৩টার দিকে বিএসএফ তাদের কাঁটাতারের ওপারে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বর্তমানে মেহেরপুর জেলার ৮৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি ও সীমান্তবাসীরা পাহারা দিচ্ছেন। রাত জেগে বিজিবির সঙ্গে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন সীমান্তবাসীরা।
রিপোর্টার্স২৪/এসএন