স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলার রায় পড়া শুরু হয়েছে।
রোববার (৭ জুন) বেলা ১১টায় ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রায় ঘোষণা কার্যক্রম শুরু হয়।
এর আগে সকাল ৮টা ২৯ মিনিটে আসামি স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়।
রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। আগে থেকেই দায়িত্বে থাকা দুই প্লাটুন সদস্যসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে অবস্থান করছেন।
গত ১৯ মে নিজ বাসার পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোড়নের সৃষ্টি করে। বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার সম্পন্নের দাবি ওঠে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
ঘটনার দিনই প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে আটক করা হয় তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পরদিন ভুক্তভোগী শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানাকে প্রধান আসামি এবং তার স্ত্রী স্বপ্না আক্তারসহ অজ্ঞাতপরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি