| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা নবম জয়ে বিশ্বকাপ মিশনে জার্মানি

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১১:১০:৩২:পূর্বাহ্ন  |  ৩৫৭ বার পঠিত
টানা নবম জয়ে বিশ্বকাপ মিশনে জার্মানি

স্পোর্টস ডেস্ক: লেরয় সানের জয়সূচক গোলে প্রীতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। শনিবার অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে টানা নবম জয়ের স্বাদ পেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে গোল করেন কাই হ্যাভার্টজ। তবে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ৩৭তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের নেওয়া কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে গোল করেন অ্যান্টনি রবিনসন।

বিরতির পর ৫৭তম মিনিটে জার্মানির হয়ে জয়সূচক গোলটি করেন লেরয় সানে। কাই হ্যাভার্টজের ছোট পাস ধরে প্রতিপক্ষের ডিফেন্ডার মাইলস রবিনসনের দুই পায়ের ফাঁক গলে নেওয়া তার শট হালকা ডিফ্লেকশন হয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

এই হারে ২০২২ সালের পর ইউরোপিয়ান প্রতিপক্ষদের বিপক্ষে টানা নবম পরাজয় দেখল ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র।

১৯৯৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও তুরস্ক।

অন্যদিকে, আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জার্মানি। ২০১৪ সালে শিরোপা জয়ের পর টানা দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইউরোপের দলটি। এবার সেই ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে টানা জয়ের ধারায় আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে যাচ্ছে জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

উল্লেখ্য, ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে কখনো হারেনি যুক্তরাষ্ট্র। তবে শিকাগোর সোলজার ফিল্ডে ৬৩ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪