কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অসুস্থ দাদির জন্য ওষুধ আনতে গিয়ে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব ওরফে তরিকুল নামে এক গ্রাম্য চিকিৎসককে গণপিটুনির পর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বিকেলে দাদির অসুস্থতার কারণে সে বাড়ির পাশের বাজারে তরিকুলের ফার্মেসিতে ওষুধ আনতে যায়। অভিযোগ রয়েছে, ওই সময় দোকানে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে ভেতরের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে শিশুটি কান্নাকাটি অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তের ফার্মেসি ঘেরাও করে তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ওষুধ আনতে গিয়ে তার মেয়েটি এ ঘটনার শিকার হয়েছে। তিনি ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
ঘটনার পর শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। তবে বিস্তারিত পরীক্ষা ও ফরেনসিক আলামত সংগ্রহের জন্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়দের আটকে রাখা এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি ও ফরেনসিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট ও পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি