চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং মামলার বাদীকে গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন এবং সাবেক পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক আবুল খায়ের পাটওয়ারী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা দিয়েছেন। তারা মামলার বাদীকে গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তারা আরও বলেন, গত ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সময় উপজেলা চত্বরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামলার ঘটনার পরও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা থানার ওসি মো. হেলাল উদ্দিনের অপসারণ দাবি করেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে সংসদ সদস্য এম এ হান্নানের বিপুলসংখ্যক সমর্থক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে “মিথ্যা ও হয়রানিমূলক মামলা” প্রত্যাহার এবং আবুল খায়েরকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু