| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় হবে লেখক সম্মেলন

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৯:১১:০১:অপরাহ্ন  |  ৫৪১ বার পঠিত
নওগাঁয় হবে লেখক সম্মেলন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান উপলক্ষে আগামী ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ জুন) দুপুরে শহরের মুক্তির মোড়ে মৃত্তিকা অ্যাডফার্মের কার্যালয়ে নওগাঁ সাহিত্য পরিষদের উপদেষ্টা, সাধারণ সদস্য ও কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নওগাঁ জেলার ১১টি উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক সম্মেলনে অংশ নেবেন। এ উপলক্ষে জুরি বোর্ডের মাধ্যমে নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক এবং একজন ছোটকাগজ সম্পাদককে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে নগদ ১০ হাজার টাকা, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয় পাবেন।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আয়উব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান সংগঠক কবি ও গল্পকার হাবিব রতন, সাধারণ সম্পাদক ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, উপদেষ্টা অধ্যক্ষ কবি আরিফুর রহমান, অ্যাডভোকেট কবি এম. এ. ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘সলক’-এর সম্পাদক অনিন্দ্য তুহিন, যুগ্ম সম্পাদক কবি রিমন মোরশেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মারিয়া নূর, কার্যনির্বাহী সদস্য ও ‘প্রজন্মের আলো’ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, আমিনা দেবনাথ, আবু রেজা এবং অনুবাদক ফারজানা জাহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় লেখক সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি বাজেট প্রণয়ন, স্পন্সর অনুসন্ধান, অতিথি নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জুরি বোর্ডের মাধ্যমে ‘কাহ্নপা সাহিত্য পদক-২০২৬’-এর জন্য মনোনীত কবি-সাহিত্যিকদের নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজকরা জানান, নির্বাচিত পদকপ্রাপ্তদের নাম সম্মেলনের দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ‘কাহ্নপা সাহিত্য পদক-২০২৪’ পেয়েছিলেন কবি আমিনুল ইসলাম এবং ছোটকাগজ ‘দাগ’-এর সম্পাদক কবি মিজানুর রহমান বেলাল। আর ‘কাহ্নপা সাহিত্য পদক-২০২৫’ পেয়েছেন কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরী।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪