বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকায় ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সোহাগ হোসেন (৩৬) নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ হোসেন বড়আঁচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি বর্তমানে চেকপোস্ট এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি জানালার কাচ ভেদ করে ঘরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজা ভেদ করে বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী সোহাগ হোসেন জানান, একই এলাকার ‘আশা’ নামে এক ব্যক্তির কাছে তার ব্যবসায়িক লেনদেনের প্রায় ৫০ লাখ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে ওই টাকা ফেরত চাইলে আশার পক্ষ থেকে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।
তিনি বলেন, “শুক্রবার রাতে অফিস থেকে বাসায় ফেরার কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল আমার বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢোকার চেষ্টা করে এবং আমাকে ভয় দেখাতে জানালার কাচ ও দরজার দিকে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ঘরের ভেতরে অবস্থান করায় প্রাণে বেঁচে যাই।”
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঘনবসতিপূর্ণ এলাকায় রাতে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আশার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ছিটকে পড়া গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেনের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু