| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতাল বন্ধ চাই না, দোষীর শাস্তি চাই: আদ্-দ্বীনে মারা যাওয়া শিশুর বাবা

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৪:৪১:২২:অপরাহ্ন  |  ৩৪৭ বার পঠিত
হাসপাতাল বন্ধ চাই না, দোষীর শাস্তি চাই: আদ্-দ্বীনে মারা যাওয়া শিশুর বাবা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ না করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এক শিশুর বাবা হাবিবুর রহমান। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক, তবে হাসপাতাল বন্ধ করা উচিত নয়।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া নেওয়া হয়েছে, তা বেআইনি।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া শোকজ নোটিশের জবাব আগামীকাল বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তবে নোটিশে লাইসেন্স বাতিলের বিষয়ে যে শর্ত ও প্রশ্ন তোলা হয়েছে, তা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন তিনি।

শিশির মনির আরও বলেন, তদন্ত প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধিকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হলেও সেখানে সুনির্দিষ্ট পরিমাপ বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কতটুকু অক্সিজেন থাকলে এমন মৃত্যু ঘটতে পারে, সে বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা অনুপস্থিত বলে তিনি দাবি করেন।

এ সময় নিহত এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, আমরা চাই প্রকৃত দোষীর শাস্তি হোক, কিন্তু হাসপাতাল বন্ধ হোক এটা আমরা চাই না। আমার আগের দুই সন্তানও এ হাসপাতালেই জন্ম নিয়েছে, তারা সুস্থ ছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আজীবন চিকিৎসা, শিক্ষা সহায়তা, চাকরি এবং ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪