ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় প্রশাসন দ্রুতগতিতে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বের অনেক যুদ্ধ ও সংঘাত বছরের পর বছর ধরে চলতে থাকে। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসের মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
ট্রাম্পের দাবি, চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত সমঝোতা বা আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো সহজ কাজ নয়। আলোচনার বিভিন্ন পর্যায়ে এখনো বেশ কিছু জটিল ও স্পর্শকাতর বিষয় রয়ে গেছে, যা সমাধানে সময় ও কূটনৈতিক দক্ষতা প্রয়োজন।
তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও আলোচনার পথ খোলা রয়েছে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম