| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০টি ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ করার দাবি বিজিবির

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ০৭:২৬:৪৮:পূর্বাহ্ন  |  ৫১৮ বার পঠিত
১০টি ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ করার দাবি বিজিবির

স্টাফ রিপোর্টার: ভারত থেকে বাংলা ভাষাভাষী মানুষদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে যশোর, চাপাইনবাবগঞ্জ, লালমনিরহাট ও নওগাঁ সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সতর্ক অবস্থান নিয়েছে। এ পরিস্থিতির মধ্যেই আগামী ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজিবির দাবি, গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার বিএসএফের অন্তত ১০টি পৃথক প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, যশোরের বেনাপোল সীমান্তসংলগ্ন সাদিপুর এলাকার বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনার জয়ন্তীপুর সীমান্তে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সীমান্তের শূন্যরেখায় আটকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফকে চিঠিও দেওয়া হয়েছে।

যশোরের মহেশপুর সীমান্তে বিএসএফ একটি প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায় বলে অভিযোগ করেছে বিজিবি। তবে বিজিবি সদস্য ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের সরিয়ে নিতে বাধ্য হয়। একইভাবে ঝিনাইদহের যাদবপুর সীমান্তে চার থেকে পাঁচজনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

এ ছাড়া যশোরের গোগা ও রুদ্রপুর, জয়পুরহাটের কোয়া ও বাসুদেবপুর, পঞ্চগড়ের রওশনপুর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, সিলেটের উত্মাছড়া এবং নেত্রকোনার কোচুগোড়া সীমান্তেও অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে বিজিবি।

লালমনিরহাটের চারটি সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে ১৫ ও ৬১ বিজিবি ব্যাটালিয়ন। তবে তাৎক্ষণিক তৎপরতায় তাদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেওয়া হয়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে, নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হয়। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়। বিএসএফ তাদের বাংলাদেশি বলে দাবি করলেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে পুশইন প্রতিরোধে উপকূলীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পুশইন সংক্রান্ত যেকোনো তথ্য জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪