স্টাফ রিপোর্টার: ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
দ্বিপাক্ষিক আলোচনায় সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ একমত হয়।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় ডা. শফিকুর রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তার সরকারের প্রতি রোহিঙ্গা ইস্যুতে সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান।
বৈঠকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উদ্দেশে একটি শুভেচ্ছাপত্র তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
এ সময় জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।