| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ

কনটেইনারের ভেতর ও পাশ থেকে আগুনের সূত্রপাত

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ০৬:৪৭:২৬:পূর্বাহ্ন  |  ৮২২ বার পঠিত
কনটেইনারের ভেতর ও পাশ থেকে আগুনের সূত্রপাত

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কুরিয়ার শেডে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান নির্বাহী পরিচালক।

তিনি বলেন, বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটির সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের উৎস সম্পর্কে আরও তদন্ত করা হচ্ছে এবং অন্য কোনো সম্ভাব্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। প্রথমে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিটের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও চারটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় রাত ১১টা ৩৮ মিনিটে, অর্থাৎ ১৪ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, আগুনের তীব্রতা কম থাকায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় আমদানি কমপ্লেক্সের বড় অংশ পুড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট দীর্ঘ সময় কাজ করে। সেদিন কয়েক ঘণ্টা দেশের প্রধান এই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪