| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুবা ডাইভিং করতে নেমে ৫ ইতালীয় নাগরিকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৭:৫১:২০:অপরাহ্ন  |  ৩০৩৪ বার পঠিত
স্কুবা ডাইভিং করতে নেমে ৫ ইতালীয় নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে পাঁচ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইতালির নাগরিক। দেশটির ভাভু অ্যাটলে (Vaavu Atoll) পানির প্রায় ৫০ মিটার গভীরে একটি গুহা অনুসন্ধানের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পাঁচ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মালদ্বীপের পর্যটন ইতিহাসে একে অন্যতম ভয়াবহ ডাইভিং দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

নিহতদের মধ্যে জেনোয়া বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানের একজন অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক রয়েছেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে বিশ্ববিদ্যালয়টি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম বিবিসি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) সকালে পাঁচ ইতালীয় ডুবুরি ভাভু অ্যাটলে সমুদ্রের নিচে নামেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও তারা ভেসে না ওঠায় যে ডাইভিং জাহাজে (সাফারি বোট) তারা ছিলেন, তার কর্মীরা জরুরি ভিত্তিতে নিখোঁজের খবর দেন।

মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, পানির নিচে প্রায় ৬০ মিটার গভীর একটি গুহা থেকে ইতোমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের মরদেহও ওই একই গুহায় আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ সরঞ্জামসহ দক্ষ ডুবুরিদের ঘটনাস্থলে পাঠানো হলেও উদ্ধার অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে।

রাজধানী মালের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের ওই এলাকায় দুর্ঘটনার সময় আবহাওয়া বেশ প্রতিকূল ছিল। পুলিশ জানিয়েছে, ওই অঞ্চলে যাত্রীবাহী নৌযান ও জেলেদের জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিরূপ আবহাওয়ার মধ্যে গভীর সমুদ্রের গুহায় প্রবেশ করায় তারা আর বের হয়ে আসতে পারেননি।

মালদ্বীপে ডাইভিং বা স্নরকেলিং দুর্ঘটনা সাধারণত কম হলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে এলাইধু দ্বীপ রিসোর্টের কাছে এক ব্রিটিশ নারী ও তার স্বামীর মৃত্যু হয়। এছাড়া ২০২৪ সালে লহাভিয়ানি অ্যাটলে এক জাপানি আইনপ্রণেতারও মৃত্যু হয়েছিল। তবে এক সঙ্গে পাঁচজনের প্রাণহানির ঘটনা দেশটিতে বিরল।

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপ প্রবাল দ্বীপ ও স্বচ্ছ পানির জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এই দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা ও ডাইভিং নির্দেশিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪