নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগ সংক্রান্ত মামলায় নতুন করে গতি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সাম্প্রতিক শুনানিতে ট্রাইব্যুনালের নির্দেশে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে আদালতে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ মে এই নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রসিকিউশন জানায়, বৃহস্পতিবার (১৪ মে) তাদের আনুষ্ঠানিকভাবে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়ার বিষয়টিও আদালতে উপস্থাপন করা হবে।
তদন্ত সংস্থার দাবি অনুযায়ী, ২০১৩ সালের ওই ঘটনায় ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন, যার মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে আরও বলা হয়, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল বলে তারা ধারণা করছে এবং কিছু সাংবাদিকের বিরুদ্ধে তথ্য গোপন বা ঘটনাপ্রবাহ আড়াল করার সহায়তার অভিযোগও আনা হয়েছে।
এর আগে এই মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান এবং শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন ইতোমধ্যে কারাগারে রয়েছেন।
বর্তমানে মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন সময়সীমা নির্ধারণ করেছে।
রিপোর্টার্স২৪/ এম এইচ