| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৮:৪১:১৬:অপরাহ্ন  |  ১৩৯৫৫ বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র গরম ও দাবদাহের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাসব্যাপী দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১১ মে) পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২২ মে থেকে এই ছুটি শুরু হবে এবং তা কার্যকর থাকবে ২৩ আগস্ট পর্যন্ত। 

দীর্ঘ এই বিরতি শেষে আগামী ২৪ আগস্ট পুনরায় স্কুলগুলো খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজেও এই বিশেষ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে অসহনীয় গরম বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে গত মাসেই পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক জরুরি নির্দেশনায় জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিল। সেখানে বলা হয়েছিল, তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন অথবা নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করতে হবে। বর্তমান পরিস্থিতির অবনতি হওয়ায় জনস্বার্থ বিবেচনা করে সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত গ্রহণ করল।

দাবদাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে স্কুলগুলোকে বেশ কিছু বাড়তি নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের আউটডোর বা বহিরাঙ্গন খেলাধুলা ও কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও শীতল পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ও ফ্যানের ব্যবস্থা রাখা। 

এছাড়া প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের আরামদায়ক ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: দ্য ডন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪