| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুভেন্দুর সহকারী হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১১:৩২:২৪:পূর্বাহ্ন  |  ৫৩২৫ বার পঠিত
শুভেন্দুর সহকারী হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় বড় অগ্রগতি পেয়েছে রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ মে) রাতে উত্তর প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাদের কলকাতায় এনে ভবানী ভবনে রাখা হয় এবং রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাদের বারাসত আদালতে হাজির করার কথা রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডে আন্তঃরাজ্য অপরাধী চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের পর গত ৬ মে রাতে মধ্যমগ্রামে হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের ঠিক আগমুহূর্তে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। এতে তার বুক ও হাত গুরুতরভাবে বিদ্ধ হয়।

তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি ও এসটিএফকে।

তদন্তকারীদের মতে, ডিজিটাল লেনদেনের সূত্র ধরে হামলাকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। জানা গেছে, তারা বালি টোল প্লাজা অতিক্রমের সময় ইউপিআই-এর মাধ্যমে অর্থ পরিশোধ করেছিল। সেই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে উত্তর প্রদেশে অভিযান চালায় সিআইডি এবং তিনজন শার্প শুটারকে গ্রেপ্তার করে।

গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন, এই পেশাদার খুনিদের কে বা কারা ভাড়া করেছিল। এটি রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতার ফল—তা নিয়েও চলছে তদন্ত।

উল্লেখ্য, চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। নির্বাচনের পরপরই এমন পরিকল্পিত হত্যাকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্থানীয় বিজেপি নেতারা।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করাই এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য।


সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪