এন্টারটেইনমেন্ট ডেস্ক: অভিনেতা বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিতে ডাকা হচ্ছে না বলে জানিয়েছে রাজভবন-সংশ্লিষ্ট সূত্র। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন দেখাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্রগুলো বলছে, বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) ১০৮টি আসনে জয়ের পর সরকার গঠনের দাবি তুললেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। আইইউএমএল এবং টি টি ভি দিনাকরণের এএমএমকে পরে জানিয়ে দেয়, তারা টিভিকে-নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেবে না। এতে বিজয়ের পক্ষে সমর্থন দাঁড়ায় ১১৬-এ, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট নয়।
রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে গভর্নর আর. এন. আরলেকর লিখিত সমর্থন চেয়ে আগেই স্পষ্ট করে দেন, ১১৮ জন বিধায়কের সমর্থন প্রমাণ না হলে তাঁকে আমন্ত্রণ জানানো হবে না। টানা দুই দফা বৈঠকেও অবস্থান বদলায়নি রাজভবন।
এদিকে অনিশ্চয়তার মধ্যে কংগ্রেসের পাঁচজন তামিলনাড়ু বিধায়ককে হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়েছে। টিভিক বিধায়ক মেরি উইলসন অবশ্য এখনও আশা ছাড়েননি। তিনি বলেন, বিজয়ই মুখ্যমন্ত্রী হবেন এবং শপথের খবর রাতের মধ্যেই জানা যাবে।
বিজয়ের দল গত মাসের নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে রাজনীতিতে বড় চমক দেয়। তবে সরকার গঠনের দাবির পরই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জটিলতা তৈরি হয়। বিজেপি অবশ্য এ অচলাবস্থায় তাদের ভূমিকা থাকার অভিযোগ নাকচ করেছে।
রিপোর্টার্স২৪/বাবি সূত্র: এনডিটিভি