| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৪:১৯:১৯:অপরাহ্ন  |  ৪১৬৯ বার পঠিত
‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের

পোর্টার্স২৪ ডেস্ক: দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না” এ অবস্থার পরিবর্তনে বারবার চেষ্টা হলেও কাঙ্ক্ষিত উন্নতি আসেনি।

শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাইয়ের পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই মাসে দেশের তরুণরা যে আন্দোলন করেছে, সেটিকে তিনি ‘জুলাই যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, সেই আন্দোলনের পর দেশে পরিবর্তন এসেছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। জনগণ এখন নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ব্যাংক খাত, প্রশাসনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “বারবার পরিবর্তনের জন্য লড়াই হয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।”

রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে তিনি বলেন, কবি শুধু সাহিত্যিক নন, বরং কৃষি ও সমাজ উন্নয়নেও অবদান রেখেছেন। তিনি কৃষকদের দুঃখ-দুর্দশা দেখে ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে কাজ করেছিলেন বলেও উল্লেখ করেন।

নিজের সাহিত্যরুচির কথা জানিয়ে তিনি বলেন, তিনি সাহিত্য অনুরাগী হলেও নিজে লেখালেখি করতে পারেন না। তবে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য তিনি গভীরভাবে ভালোবাসেন। তার মতে, সাহিত্য ও সঙ্গীত মানুষের মনকে পরিশুদ্ধ করে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী আছে, যারা সবসময় সমাজকে অস্থির রাখতে চায়।” তবে তিনি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে মন্তব্য করছেন না বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সহজে আসেনি, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। একইভাবে গণতন্ত্রও সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪