| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরানকে চুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ২১:১৩:৪০:অপরাহ্ন  |  ৩৬৬০১৫ বার পঠিত
তেহরানকে চুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান চুক্তিতে না এলে সংঘাত আরও তীব্র হবে।

এই সতর্কবার্তা আসে দুবাই উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার কয়েক ঘণ্টা পর। কুয়েতের পতাকাবাহী ‘আল-সালমি’ নামের জাহাজটিতে ড্রোন হামলায় আগুন ধরে যায়, যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি দ্রুত শান্তিচুক্তিতে রাজি না হয় এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

মঙ্গলবার ট্রাম্প আরও বলেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলো যথেষ্ট সহযোগিতা করছে না। তিনি তাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া হচ্ছে এবং ১৫০টির বেশি নৌযান ধ্বংস করা হয়েছে।

এদিকে মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজারো সদস্য মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে, যা প্রয়োজনে স্থল অভিযানের পথ খুলে দিতে পারে।

যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। হামলার পর তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলারের ওপরে উঠে রেকর্ড মাসিক বৃদ্ধির পথে রয়েছে।যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের গড় খুচরা মূল্য তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়েছে, যা দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

সংঘাত নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে মধ্যস্থতার চেষ্টা চলছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীন সফরে গিয়ে এ বিষয়ে আলোচনা করছেন। এর আগে তুরস্ক, মিসর ও সৌদি আরবের সঙ্গেও আলোচনা হয়েছে।তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব ‘অবাস্তব ও অতিরঞ্জিত’। ফলে সমঝোতা এখনো অনিশ্চিত।

যুদ্ধ ক্রমেই বিস্তৃত হচ্ছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েলে হামলা চালিয়েছে। তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল, যা প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়।

লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযানে চার সেনা নিহত হয়েছে। একই এলাকায় পৃথক ঘটনায় জাতিসংঘের তিন শান্তিরক্ষীও নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্র গবেষণা কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক সমাধান না এলে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪