রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের রাজধানী তেহরান-এ মঙ্গলবার একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বার্তা সংস্থা এএফপি জানায়, বিস্ফোরণের পর উদ্ভূত পরিস্থিতিতে শহরের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের বিভিন্ন স্থানে বিকট শব্দে বিস্ফোরণের পর কিছু এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি-র প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে রাজধানীর পূর্বাঞ্চলের বাসিন্দারা পুরোপুরি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন বিস্ফোরণ ও বিদ্যুৎ বিপর্যয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রিপোর্টার্স২৪/আরকে