ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে মীর জাফর–এর প্রায় ৩৪৬ জন বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাদের এখন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হচ্ছে।বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার পর লালবাগ নব আদর্শ হাই স্কুলের একটি বুথের ভোটারদের নাম ২০২৫ সাল পর্যন্ত ‘বিচারাধীন’ রাখা হয়েছিল।
চূড়ান্ত তালিকায় দেখা যায়, ‘ছোটে নবাব’ নামে পরিচিত ৮২ বছর বয়সী সৈয়দ রেজা আলী মীরজা এবং তার পরিবারের ৯ সদস্যের নাম বাদ গেছে। এ তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ ফাহিম মীরজা-ও।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রেজা আলী মীরজা জানান, শুনানির সময় সব বৈধ কাগজপত্র জমা দেওয়ার পরও শেষ পর্যন্ত তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, একসময় তার পূর্বপুরুষরা প্রজাদের বিচার করতেন, অথচ আজ তাদেরই বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
পরিবারটির দাবি, দেশভাগের সময় তাদের পূর্বপুরুষ ওয়াসিফ আলী মীরজা পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতে থাকার সিদ্ধান্ত নেন। এমনকি মুর্শিদাবাদ অল্প সময়ের জন্য পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও পরে তা ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত রাখতে তাদের পরিবারের ভূমিকা ছিল বলেও তারা উল্লেখ করেন।
এদিকে, মুর্শিদাবাদ জেলায় আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ট্রাইব্যুনালের দীর্ঘ প্রক্রিয়ার কারণে তারা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এন এইচ