স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়লে ট্রেনটি জরুরি ভিত্তিতে থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার এবং দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে স্বল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি