স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে জাতীয় সংসদে বিল আকারে আইন পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়ার বিষয়ে ‘জুলাই জাতীয় সনদে’ সরকার অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকারের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়, যা বর্তমানে অন্যান্য ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে সংসদে উপস্থাপিত হয়েছে।
তিনি জানান, এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ তারিখ কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা হবে। ইতোমধ্যে সর্বসম্মতিক্রমে অধ্যাদেশটি বিল আকারে সংসদে পাস করার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনা ঘটেছে। জনতার প্রতিরোধের মুখে কিছু হামলাকারী নিহতও হয়েছে। সেই প্রেক্ষাপটে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে।
ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে পুলিশের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সংক্রান্ত একাধিক নির্দিষ্ট মামলা হয়েছে। কিছু মামলা আইসিটি আইনে এবং কিছু সাধারণ আইনে বিচারাধীন রয়েছে। তদন্ত ও অভিযোগপত্র দাখিলের কাজ চলছে এবং কয়েকটি মামলার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে। এসব বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।
জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা পুলিশের পোশাকধারী হোক বা রাজনৈতিক সংগঠনের সদস্য সবাই অপরাধী হিসেবে বিবেচিত হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি