কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে ১২ জন নিহতের বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি রবিবার (২৯ মার্চ) তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। তদন্তে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতের বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে।
তদন্তে অন্তত ছয়টি গুরুতর অনিয়ম চিহ্নিত করা হয়েছে, যেখানে পদুয়ার বাজারের চারজন গেটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের দুই গেটম্যান, লালমাই স্টেশন মাস্টার, ট্রেনের দুই লোকোমাস্টার, সংশ্লিষ্ট বাসচালক ও সড়ক নির্মাণে জড়িত কর্মীদের অবহেলা প্রতীয়মান হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় লেভেলক্রসিংয়ে সমন্বয়ের অভাব, নিরাপত্তা বিধি না মানা এবং দায়িত্বে শীথিলতার কারণে ঘটনা ঘটে। এছাড়া সড়ক নির্মাণ বা সংস্কার কাজের সময় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
কমিটি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মোট ৮টি সুপারিশ করেছে, যার মধ্যে লেভেলক্রসিং আধুনিকায়ন, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, গত ২১ মার্চ রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাস ট্রেনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার পর দায়ের করা মামলার ভিত্তিতে ইতোমধ্যে দুজন গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি