| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা, এখনো বন্ধ ৫৪টি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৯:৫২:২৫:অপরাহ্ন  |  ১৭৪ বার পঠিত
গাজীপুরে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা, এখনো বন্ধ ৫৪টি

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা কয়েক সপ্তাহের শ্রমিক আন্দোলন, বিক্ষোভ ও সংঘাতের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দলে দলে কারখানায় ফিরেছেন পোশাকশ্রমিকরা। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় শিল্পাঞ্চলে আবারও ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৪টি কারখানা এখনো উৎপাদনে ফেরেনি।

শনিবার সকাল ৮টা থেকে সরেজমিনে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালাসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক।

দীর্ঘদিনের আন্দোলন-বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রমিক, মালিকপক্ষ এবং দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন শ্রমিকরা। তাঁদের ভাষ্য, আন্দোলনের কারণে অনেক দিন কাজ বন্ধ থাকায় উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এখন কাজে মনোযোগ দিয়ে সেই ঘাটতি পুষিয়ে নিতে চান তাঁরা।

অধিকাংশ কারখানায় কাজে ফেরার পরিবেশ তৈরি হলেও শনিবার সকালে নতুন করে উত্তেজনা দেখা দেয় রাজেন্দ্রপুর চৌরাস্তার বাংলাবাজার এলাকায়। সকাল আনুমানিক ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি ঘোষণা করলে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মির্জাপুরের দিকে অগ্রসর হন। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, বাংলাবাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

তিনি বলেন, সেখানে দুই প্লাটুন আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শ্রমিক আন্দোলনের সূত্রপাত গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায়। বেতন বাড়ানোর দাবিতে সেখানে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়।

পরে আন্দোলন ছড়িয়ে পড়ে পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ীসহ কালিয়াকৈরের বিভিন্ন এলাকায়। একপর্যায়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন শিল্পাঞ্চলেও শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়।

শ্রমিকদের সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতির কারণে একের পর এক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে পড়ে।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে। এর ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ও বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো নির্ধারণ করা হয়।

নতুন কাঠামো অনুযায়ী, আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। তা বাড়িয়ে বিভিন্ন গ্রেডে ১৭ হাজার, ২০ হাজার ও ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

তবে ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ আন্দোলন অব্যাহত রাখেন। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি শেষে শনিবার সকালে শ্রমিকরা আবার কাজে যোগ দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন কালবেলাকে বলেন, শনিবার সকাল থেকে শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৪টি কারখানা বাদে অন্য কারখানাগুলো উৎপাদনে ফিরেছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে বন্ধ কারখানাগুলোও খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা বলেন, শ্রমিকরা কাজে ফিরছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবারের মতো শনিবারও আনসার, বিজিবি, এসআরবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ৩৯ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

সব মিলিয়ে কয়েক সপ্তাহের অস্থিরতার পর গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমে স্বস্তি ফিরতে শুরু করেছে। অধিকাংশ কারখানা চালু হলেও ৫৪টি কারখানা বন্ধ থাকায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে অনিশ্চয়তা এখনো কাটেনি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করাই এখন সংশ্লিষ্টদের সামনে বড় চ্যালেঞ্জ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪