| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালীতে গাছের ডালে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৭:৩২:১৯:অপরাহ্ন  |  ৪১১০৭৮ বার পঠিত
পটুয়াখালীতে গাছের ডালে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

রিপোর্টার্সডেস্ক: পটুয়াখালীর সদর উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোসা. জান্নাতি আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলখালী গ্রামে নিহতের বসতঘরের পেছনের একটি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এশার নামাজ শেষে পরিবারের অন্যান্য সদস্যদের মতো পাশের কক্ষে ঘুমাতে যান জান্নাতি। তবে রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে যান, যা পরিবারের কেউ টের পাননি। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক সকাল ৭টার দিকে বাড়ির পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের মা নিলু বেগম বলেন, জান্নাতি রাতে কখন ঘর থেকে বের হয়ে গেছে আমরা দেখিনি। আমাদের পাশেই পর্দার কাপড় টানিয়ে ঘুমিয়েছিল। ফজরের সময়ও আমরা ওর জুতা দেখছি বিছানার নিচে। কিন্তু আমরা দেখিনি ঘরে ছিল কিনা। পরে সকালে খোঁজ না পেয়ে ৭টার দিকে দেখতে পাই, ওইখানে ওর লাশ। যেখানে ওর লাশ পাইছি, আমার মেয়ে এর আগে জীবনেও ওই জায়গায় যায় নাই।

নিলুফা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। ওরে হত্যা করা হয়েছে। আমাদের জমিজমা নিয়ে ঝামেলা আছে। সেই শত্রুপক্ষেরই কেউ এমনটা করছে। আমরা এর বিচার চাই।

নিহতের নানি বলেন, আমরা এসে দেখি লাশ ঝুলন্ত অবস্থায় আছে। কিন্তু যেভাবে লাশ ঝুলন্ত আছে, তাতে এটা আত্মহত্যা মনে হয় না। জান্নাতির পা মাটিতে লেগে আছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪