রিপোর্টার্স২৪ডেস্ক: ঈদুল ফিতরের বিরতি শেষে শুরু হওয়া জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে প্রথমবারের মতো সভাপতিত্ব করেছেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে তিনি দায়িত্ব পালন করেন, যা সংসদে তার আনুষ্ঠানিক অভিষেক হিসেবে বিবেচিত হচ্ছে।
১৩ দিনের বিরতির সময় ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ বহাল বা বাতিলের বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হলেও ২০টি নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং ১১ এপ্রিলের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
এদিকে সংসদীয় কমিটির বৈঠকে আগামী ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সংসদের সাউন্ড সিস্টেমের ত্রুটি তদন্তে পৃথক কমিটি গঠন করা হয়েছে।
চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। অধিবেশনটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
রিপোর্টার্স২৪/এসসি