সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন জব্দকৃত ৩৯৫ লিটার পেট্রোলের বিষয়ে অভিযোগ উঠেছে জব্দকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৭ মার্চ) বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে পেট্রোল জব্দ করেন ইউএনও। পরে জব্দকৃত পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশনে নেওয়া হয়। ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, দুই ড্রাম পেট্রোলের একটি ড্রাম সাধারণ ক্রেতাদের জনপ্রতি ১ লিটার করে বিক্রি করা হয়েছে, আরেকটি ড্রাম বিক্রির জন্য মান্নাননগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে নেওয়া হয়েছে।
অন্যদিকে, মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম মোল্লা অভিযোগ করেন, জরিমানা নেওয়া হলেও জব্দকৃত পেট্রোলের কোনো কাগজ প্রদান করা হয়নি এবং রাতে তেলের খালি ড্রাম ফেরত দেওয়া হয়।
তবে ইউএনও নুসরাত জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অপরাধে জরিমানা ও জব্দকৃত পেট্রোল যথাযথভাবে পরিচালিত হয়েছে এবং বিক্রি প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি