| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাইভি হত্যা মামলায় চারজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ০৩:২৪:৪৪:পূর্বাহ্ন  |  ৩৮১৮৩১ বার পঠিত
রাইভি হত্যা মামলায় চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কলেজ শিক্ষার্থী সাদমান সাইফ রাইভি হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— আরমান হক বিপু ওরফে যুব (২১), মো. ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) এবং আলী হোসেন (৫০)।

পুলিশ জানায়, নিহত সাদমান সাইফ রাইভি (২৩) সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি তেজগাঁও এলাকায় একটি ওষুধ কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করতেন। গত ২৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

পরিবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ২৬ মার্চ গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় একটি অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন তারা।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহের জার্সিতে ‘RAIVI’ লেখা দেখে পরিবারের সদস্যরা সেটি সাদমান সাইফ রাইভির বলে শনাক্ত করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ২৬ মার্চ সকাল ৭টা ৫০ মিনিটে উত্তর কুতুবখালী এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করা হলেও পরে অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু করা হয়।

তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৪ মার্চ ভোরে গ্রেপ্তারকৃত আরমান হক বিপু ও ইসমাঈল হোসেন ফাহিম সাদমানকে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের পেছনে মো. জুবায়ের ও কামরুল ইসলাম রানা ছিলেন। এছাড়া, ২৩ মার্চ রাতে কামরুল ইসলাম রানার বাসার ছাদে একটি অনুষ্ঠানে ভিকটিমসহ আসামিরা উপস্থিত ছিলেন।

পুলিশের ধারণা, ২৪ মার্চ ভোর থেকে ২৬ মার্চ সকালের মধ্যে কোনো এক সময় তারা পরস্পরের যোগসাজশে রাইভিকে হত্যা করে এবং লাশ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেয়।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. জুবায়েরকে বিদেশে (অস্ট্রেলিয়া) পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টার অভিযোগও রয়েছে।

পরবর্তীতে ২৮ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪