স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নিয়ে সংসদে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদনের মাধ্যমে জানাবে, এটি কোনও নাশকতা বা সাবোটাজ ছিল কি না।
সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, আমরা ধারণা করি, ঘটনা কোনও সাবোটাজ হতে পারে। সমস্যা চিহ্নিত ও সমাধানের জন্য বুয়েটের বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
তদন্ত কমিটি দুটি বিষয় খতিয়ে দেখবে: ১. সাউন্ড সিস্টেমে সম্ভাব্য সাবোটাজ ঘটেছে কি না। ২. প্রকৃত সমস্যার উৎস কী এবং তা কীভাবে সমাধান করা যায়।
চিফ হুইপ জানান, হেডফোন ব্যবস্থাও সংস্কারের প্রয়োজন রয়েছে। সংসদ সদস্যরা হেডফোনের বড় ঢাউসের কারণে অস্বস্তি অনুভব করছেন।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধার বিষয়েও আলোচনা হয়েছে। চিফ হুইপ বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার ও হুইপদের আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে। বাকিদের জন্য যথাসম্ভব আবাসন সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হবে। প্রয়োজনীয় সরঞ্জাম কেনার কাজ ১০ তারিখের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। কমিটি আগামী ৩০ মার্চ আবার বৈঠক করবে।
রিপোর্টার্স২৪/এসসি