| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনজীবী আলিফ হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৫:৩০:১২:অপরাহ্ন  |  ৩৮৬০১৯ বার পঠিত
আইনজীবী  আলিফ হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার
ছবির ক্যাপশন: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় চিন্ময় কৃষ্ণ দাসের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উপলক্ষে ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, মাজার ভাঙার বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আগের সরকারও চেষ্টা করেছে, কিন্তু মাজার ভাঙা বন্ধ হয়নি। বর্তমান সরকারের সময় আমরা আশা করি, কোনো মাজার যেন আর ভাঙা না হয়, বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, মাজার ভাঙার মাধ্যমে একদিকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ধর্ম সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। মাজার ভাঙা ফৌজদারি অপরাধ। যারা এসব কাজ করছে তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না, তারা অপরাধী এবং তাদের শাস্তি হওয়া উচিত, যোগ করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে মাজার বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের প্রসঙ্গ টেনে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে কীর্তন, বাউল গান, সাধকদের গান ও ওয়াজ সবই সহাবস্থানের অংশ। তার এলাকায় সবই চলবে এটা অবশ্যই ইতিবাচক, বলেন তিনি।

তিনি আরও বলেন, মতভেদ থাকলে তা বক্তব্য, ওয়াজ বা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে প্রকাশ করা উচিত; কোনো পক্ষকে দমন বা নির্যাতন করা আইনবিরোধী।

দেশে ‘সস্তা জনপ্রিয়তা’ নির্ভর রাজনীতির সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, জনপ্রিয়তার জন্য যখন-তখন কাউকে ভারতীয় দালাল, ইসকনের দালাল বা বিজিপির দালাল বলা হচ্ছে। এতে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো হচ্ছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সংস্কৃতি বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাজারকেন্দ্রিক সংস্কৃতি বাংলাদেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক ঐতিহ্যের অংশ, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ অংশ নিতে পারে।

চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে তিনি বলেন, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে যে তিনি ইসকনের সদস্য যা সঠিক নয়। বরং আগে থেকেই ইসকনের সঙ্গে তার বিরোধ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, চিন্ময়ের জামিন প্রক্রিয়াও বাধাগ্রস্ত করা হয়েছে। যেখানে একজন অভিযুক্তের আইনজীবী পাওয়ার অধিকার আছে, সেখানে তাকেও সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি তিনি কারাগারে থাকার সময় তার বিরুদ্ধে আইনজীবী হত্যার মামলা দেওয়া হয়েছে, বলেন তিনি।

তবে আইনজীবী হত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া উচিত। কিন্তু এর দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাদির শাহ পাঠাগারের উপদেষ্টা খালিদ সাহিদ বিদ্যুৎ। আলোচনা শেষে রাতব্যাপী আধ্যাত্মিক ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪