নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী এনায়েতুর রহমান রামপুর বাজারের একটি প্রতিষ্ঠানের মালিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলমান জ্বালানি সংকটের সুযোগে ওই ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুত করে লাইসেন্স ছাড়া খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছিলেন। অভিযানকালে তার গুদাম থেকে ড্রামে সংরক্ষিত ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা—মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় সরকার নির্ধারিত দামে জনসাধারণের মধ্যে বিক্রির নির্দেশ দেয় এবং বিষয়টি তদারকির দায়িত্ব কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়।
ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কারসাজি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যেন সুযোগ নিতে না পারে, সে জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি