| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২২:২৫:৩৯:অপরাহ্ন  |  ৩৮৯৯৩৩ বার পঠিত
শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
ছবির ক্যাপশন: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে বিশালাকৃতির ট্যাংক স্থাপন করে দাহ্য পদার্থ মজুতের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বহুতল ভবনটির নিচতলায় প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন তাপস নন্দী ও তার সহযোগী শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে।

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় দাহ্য পদার্থ সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করে। জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে সব তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তিনি বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম জননিরাপত্তার জন্য বড় হুমকি।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে তেল অপসারণ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্সও যাচাই-বাছাই করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪