| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জের সাংবাদিকের বিরুদ্ধে জিডি করলেন ওসি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৯:৪৪:৫২:অপরাহ্ন  |  ৩৯৬৯৫৪ বার পঠিত
ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জের সাংবাদিকের বিরুদ্ধে জিডি করলেন ওসি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে মিঠু হাসান নামে এক সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। গত ১৮ মার্চ সংবাদটিকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করে তিনি এ জিডি করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এর আগে ‘৩ হাজার টাকার ফোনে ঘুষ দাবি ৪ হাজার টাকা’ শিরোনামে বদলগাছী থানা পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে ধরে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মিঠু হাসান। তিনি ওই পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

প্রকাশিত প্রতিবেদন ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ এপ্রিল একটি স্মার্টফোন হারিয়ে যাওয়ার ঘটনায় বদলগাছী থানায় জিডি করেছিলেন বিউটি বেগম নামে এক নারী। চলতি বছরের ১৫ মার্চ বিউটি বেগমের মুঠোফোনে কল করে তাকে থানায় ডেকে নেন আজিজার নামে এক উপপরিদর্শক (এসআই)। এরপর ফোনটির অবস্থান শনাক্ত হয়েছে জানিয়ে তা উদ্ধারে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন আজিজার। পরে পুলিশের ঘুষ দাবির এ বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন বিউটি বেগম। এরপর বিষয়টি নিয়ে আজকের পত্রিকাসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজপোর্টালে সংবাদ প্রকাশিত হলে সমালোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করে জেলা পুলিশ। 

এরপর ঘটনা খতিয়ে দেখতে গঠিত হয় তদন্ত কমিটি। এর মাঝেই বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান সংবাদটিকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করে ১৮ মার্চ দায়েরকৃত জিডিতে উল্লেখ করেন, “গত বছর নিহার চন্দ্র নামে এক এসআই মোবাইল হারানোর এই জিডিটি তদন্ত করেছিলেন। আজিজার রহমান নামে কোনো এসআই তার থানায় কর্মরত নেই। তবে এএম আজিজুর রহমান নামে এক পিএসআই তার থানায় কর্মরত আছেন। প্রাথমিক তদন্তে এ সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি।”

জিডিতে আরও উল্লেখ করা হয়, “সাংবাদিক পরিচয়ধারী মো. মিঠু হাসান সত্যতা যাচাই না করেই উক্ত বিষয়ে ফেসবুকে পোস্ট করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। বিষয়টি ভবিষ্যতের জন্য ডায়েরিভুক্ত করা হলো।”

সাংবাদিক মিঠু হাসান বলেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে তথ্যপ্রমাণ যাচাই করেই সংবাদ প্রকাশ করেছি। এরপর থেকেই আমার বিরুদ্ধে জিডি করে আমাকে চাপে ফেলার চেষ্টা করছেন ওসি। এটি স্পষ্টভাবে স্বাধীন সাংবাদিকতাকে ভয় দেখানো এবং দমিয়ে রাখার একটি অপচেষ্টা। এই জিডির মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো চাপ বা ভয়ভীতি আমাকে সত্য প্রকাশ থেকে বিরত রাখতে পারবে না।

অভিযোগের বিষয়ে জানতে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের ব্যবহৃত সরকারি নম্বরে কল করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানানো হয়।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সাংবাদিক মিঠুর বিরুদ্ধে একটি জিডি হয়েছে—এমন কথা আমিও শুনেছি। তবে ওসি স্যার সেটি করেছেন কি না, আমার জানা নেই।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, যেকোনো ঘটনায় প্রয়োজনে পুলিশ জিডি করতেই পারে। তবে ওই জিডিতে ভাষাগত ত্রুটি আমরা লক্ষ করেছি। এখানে ব্যক্তির বিরুদ্ধে জিডি করার সুযোগ নেই। ঘটনা-সংক্রান্ত বিষয় উল্লেখ করে জিডি করতে হয়। আগামীতে বিষয়টি খেয়াল রাখতে ওসিকে সতর্ক করা হবে।

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদ নজরে আসার পরপরই ওই এসআইকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪