রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ)-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি যতদিন এ এলাকার দায়িত্বে থাকবেন, ততদিন তার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান চালু থাকবে, এবং মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না।
তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ. ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনের সময়।
রুমিন ফারহানা বলেন, তিনি প্রতিটি মাজার ভাঙার প্রতিবাদ করেছেন। ঈদুল ফিতরের ঠিক একদিন পর সিলেটে বাউল গানের আসরে যে ভাঙচুর হয়েছে, তা তিনি স্পষ্টভাবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমি যতদিন এ এলাকার দায়িত্বে থাকবো, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।
তিনি আরও জানান, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে লালন-পালন করে আগাতে হবে এবং নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি-সংস্কৃতি জানানোও দায়িত্বের মধ্যে পড়ে। বাউল গান ও মাজারের সঙ্গে যুক্তরা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।
অনুষ্ঠানটি আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার, এবং এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।
রুমিন ফারহানা বলেন, গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গেছে, মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে, এবং বাউল গায়করা হেনস্তা বা জেলে ফেলা হয়েছে। তিনি এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে দেবেন না।
রিপোর্টার্স২৪/ঝুম