ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তাঁর এলাকার সাংস্কৃতিক পরিসরে ওয়াজ, কীর্তন ও বাউল গান—সবই থাকবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টায় আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ রহ.-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, গত ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে এবং বাউল শিল্পীদের হেনস্তা করে জেলেও পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনায় তিনি নিয়মিত প্রতিবাদ করেছেন বলেও দাবি করেন।
তিনি বলেন, আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।
সংস্কৃতি রক্ষার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও কৃষ্টিকে লালন-পালন করে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার। নতুন প্রজন্মকে এসব জানানোও জরুরি। বাউল গান ও মাজার-সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষও দেশের সংস্কৃতির অংশ।
রিপোর্টার্স২৪/বাবি