কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভৈরব থেকে ছেড়ে আসা অসীম পরিবহনের একটি বাস নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনহাজ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় বাসের যাত্রীসহ চালকরা আহত হন।
দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক বলেন, বাস দুটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/বাবি