কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীমের নেতৃত্বে শহীদ স্মৃতিসৌধে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮.৩০ মিনিটে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, সম্মাননা ও উপহার বিতরণ করা হয়। বিকালে উপজেলা প্রশাসন ও সুধী অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের অনুষ্ঠান শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে।
রিপোর্টার্স২৪/বাবি