আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ ইস্যুতে ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান ইস্যুতে ন্যাটো যুক্তরাষ্ট্রকে ‘একেবারেই কোনো’ সাহায্য করেনি।
ইরানকে ‘উন্মাদ রাষ্ট্র’ আখ্যা দিয়ে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের ন্যাটোর কাছ থেকে কিছুই প্রয়োজন নেই, তবে এই গুরুত্বপূর্ণ সময়টি ভুলে যাওয়া উচিত নয়।
এর আগেও ট্রাম্প ন্যাটোকে ভুল সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র এই জোটের ওপর নির্ভরশীল নয়। তিনি তখনই জোট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা নেই বললেও বিষয়টি বিবেচনার যোগ্য বলে ইঙ্গিত দেন।
ট্রাম্পের আগের মেয়াদকালেও ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল, যা পশ্চিমা জোটে উদ্বেগ তৈরি করে। সম্প্রতি তিনি মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান। তবে ইউরোপের দেশগুলো ওই নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
তাদের দাবি, মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই সংঘাত শুরু করেছে। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জলপথটিতে অস্থিরতা বৈশ্বিক তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরানও আঞ্চলিক বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, ফলে বৈশ্বিক তেল সরবরাহ ও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত করেছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে।